Image description

রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গলায় পরিচয়পত্র ঝোলানো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে তানভীর জোমাদ্দার হিসেবে শনাক্ত করা হয়।

মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, তানভীর কী কারণে সেখানে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার গলায় ঝোলানো পরিচয়পত্রটি মিরপুরের একটি দোকানের বলে জানা গেছে। ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি কেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করা হচ্ছে।