Image description

চট্টগ্রামের বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে এহছানকে উদ্ধার করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়েনাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন এসআরবি পোশাক পরে তাঁকে তুলে নিয়ে যান।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

টাকা না দিলে এহছানকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

শীর্ষনিউজ