Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ ঘটনায় মা ও মেয়ে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)।

আহতদের মধ্যে মো. আলতাফ হোসেনের (৫২) পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের দুই যাত্রী মা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এতে গাড়ির দুই যাত্রী মা ও মেয়ে নিহত হন।

একই গাড়ির আরও চার যাত্রী আহত হয়েছেন।

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ