Image description

ওয়াশিংটনকে আস্থা অর্জনসহ সাতটি শর্তের সবগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।

 

গত মাসে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল তেহরান। এর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহার।

 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জবাবকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন রেজাই।

 

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকেও তিনি বলেন, ওয়াশিংটন আস্থা পুনর্গঠনের পদক্ষেপ না নিলে আলোচনা এগোবে না।

 

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়ার মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছেন রেজাই। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও ইরান থেকে সরানো হবে না।

এসব পারমাণবিক উপাদান ইরানের জনগণের সম্পদ এবং দেশের অভ্যন্তরেই ব্যবহার করা হবে।

 

এদিকে, হরমুজ প্রণালী পুনরায় চালুর আগে অবরোধ প্রত্যাহারসহ নিজেদের শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মতপার্থক্য ও পারস্পরিক আস্থার সংকট কূটনৈতিক আলোচনা শুরুর পথে বড় বাধা হয়ে রয়েছে।

সূত্র: এএফপি