Image description

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনেই বাড়তি টাকা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন তাঁরা। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত গত ৩০ জুন যে হারে ভাতা পেতেন, সেই হারেই ভাতা দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ভাতা প্রদানের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর করার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ও ভাতা একসঙ্গে বাস্তবায়ন করবে না সরকার। দুই অর্থবছরে ধাপে ধাপে তা কার্যকর করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ চলছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন কর্মচারীরা। বেতন নির্ধারণের এ কাজ মঙ্গলবার (২০ অক্টোবর) শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের বেতন দেওয়ার সময় সরকারি কর্মচারীরা বাড়তি হারে মূল বেতন পেতে পারেন। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে ভাতা আগের হারেই বহাল থাকবে।