আজ ২০ অক্টোবর ২০২৬। এ দিন ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
এদিকে ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের একই দিনে, অর্থাৎ ২০ অক্টোবর একই উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হন।
১২ বছর পর একই দিনে একই উপজেলায় এমন বড় দুটি দুর্ঘটনা ঘটায় জেলাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অন্যদিকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজন মারা গেছেন।
তবে নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে পাঁচজন মারা গেছেন।
এদিকে নিহতদের মধ্যে দুই যানবাহনের চালক রয়েছেন। ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।