Image description

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আসলে কী ঘটেছিল এবং কেন আগে থেকে বাংলাদেশকে জানানো হয়নি, তা জানা প্রয়োজন।

অপরাধের ধরন যা-ই হোক না কেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশকে বিষয়টি আগে জানানো যেত বলে তিনি মনে করেন।

তিনি জানান, এ ঘটনার বিস্তারিত জানতে রোববার সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

এদিকে, কাতারে বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধানের আটকের খবর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অপরাধীরা বিশ্বের যে দেশেই পালিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শীর্ষনিউজ