সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তাদের মরদেহ দেশে আসার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। পাশাপাশি, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি ‘স্বামী-স্ত্রী ছিলেন’ এবং ‘তারা হানিমুনের পরিবর্তে ওমরাহ করতে গিয়েছিলেন’ বলেও একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে এসব দাবির সত্যতা পায়নি কালবেলা।
শুরুতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান করে কালবেলা। অনুসন্ধানে ‘আহমেদ দিদার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টা ২৪ মিনিটে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
পরেরদিন (১৮ অক্টোবর) একই ভিডিও আবারও পোস্ট করেন দিদার। পোস্টগুলোয় তিনি নিজেই দাবি করেন, কফিনগুলো সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির।