Image description

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেভাবেই তাঁরা অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী। ”

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও আগের মতো নিয়ম বহাল রয়েছে। সরকার সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী। ”

এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আইনমন্ত্রী।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।

আধুনিক শ্রেণিকক্ষ, সম্মেলনকক্ষ, পরীক্ষাগার, গ্রন্থাগার ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধাসম্পন্ন ভবনটি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত জাতি গঠনে যোগ্য ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডির ঊর্ধ্বতন প্রকৌশলী, পিটিআইয়ের শিক্ষক-কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীষনিউজ