Image description

বুয়েট ছাত্র আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যাসহ আলোচিত তিন মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে এ শুনানি হবে। রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

নির্ধারিত তারিখগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন মামলা আগামী ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলা ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলা আগামী ১ ডিসেম্বর।

অ্যাটর্নি জেনারেল বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আলোচিত এ তিনটি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। 

অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলো দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে বলেও জানান রুহুল কুদ্দুস কাজল। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আলোচিত তিনটি মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছেন।