Image description

নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে।

তিনি সাবেক সেনাসদস্য ছিলেন। পাশাপাশি রূপসী বাংলা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ফকির দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে অনেকের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনের একটি দোকানে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।