Image description

সিলেটের কানাইঘাট সীমান্তে ৫ দিনের ব্যবধানে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত খালেদ আহমদ উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

এর আগে গত ১০ অক্টোবর একই উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছিল।

 
 
 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকার চোরাকারবারি ময়নুল হকের সঙ্গে খালেদ আহমদ দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে ছিল।

 
 

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, নিহত খালেদ আহমদের ভাই সালাউদ্দিন বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং তার মরদেহ মিকিরপাড়া এলাকার সীমান্তে পড়ে রয়েছে। ঘটনাটি জানার পরপরই থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং বিজিবি মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

 

এ বিষয়ে বক্তব্য জানার জন্য দনা বিজিবি ক্যাম্পের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তেবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো থানায় জানানো হয়নি।