Image description

রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই পর্যটকরা পুনরায় নিরাপত্তা ও নিয়ম মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সমবায়গুলোর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে পর্যটন খাতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

 

এদিকে পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়েছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যটকদের সুরক্ষায় সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ৬ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন দুটি। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।