Image description

সারা দেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৬ দফা দাবি পেশ করেছে দলটি।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সার ডিলার নিয়োগে বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে চরম দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হয়েছে। শর্ত না মেনে, এমনকি টাকার বিনিময়ে ও রাজনৈতিক প্যাডে তালিকা দিয়ে ডিলারশিপ দেওয়ার ঘটনা ঘটেছে।’

 

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাদের অর্থ আদায় এবং স্বজনপ্রীতির কারণে ডিলার নিয়োগের সার্বিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়ছে দেশের কৃষি ও সাধারণ কৃষকদের ওপর।

 

তিনি বলেন, ‘জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক বিবেচনায় সদস্য মনোনীত করায় যোগ্য ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন না।’

 

‘দ্য ডিসেন্ট’র অনুসন্ধানের তথ্য উল্লেখ করে তিনি জানান, ভুয়া গুদাম, ভুয়া চুক্তিনামা, এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া এবং একই পরিবারের একাধিক ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

 

সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে জামায়াতের পক্ষ থেকে নিম্নলিখিত ৬ দফা দাবি উত্থাপন করা হয়।

 

১. সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

২. ডিলার নিয়োগে যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়ন প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

 

৩. ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

৪. সারসংকট নিয়ে দায়িত্বশীলদের বক্তব্য এবং মাঠপর্যায়ের প্রকৃত পরিস্থিতির অসংগতি যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করতে হবে।

৫. নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানাতে হবে।

 

৬. রাজনৈতিক বা ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে কাউকে দায়ী না করে, প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই করতে হবে।

 

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্নে যে মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ছিল, তা বর্তমান ক্ষমতাসীন সরকারের নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে।’

 

তিনি সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিরোধীদলকে বাদ দিয়ে কর্তৃত্ববাদী কাঠামো তৈরির চেষ্টার নিন্দা জানান। একইসঙ্গে রাজপথে বিতর্ক না বাড়িয়ে আগামী সংসদ অধিবেশনে গণভোটে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এ ছাড়া সার, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার।

 

ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার/মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।