Image description

চট্টগ্রামে ফাঁদে ফেলে এক সাংবাদিকের কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে দিয়েছে ছিনতাইকারীরা। বুধবার বিকেলে নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সাংবাদিক হলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল হোসাইন।

সংবাদ সংগ্রহে গেলে ঘটনাস্থলে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে অপহরণ করে পাশের গলিতে নিয়ে মারধর, পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে বিকাশ অ্যাকাউন্ট ও মানিব্যাগ থেকে ছিনতাইকারীরা ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানান ভুক্তভোগী আবুল হোসাইন। ছিনতাইকারীরা তাকে গলা চেপে হত্যাচেষ্টা করে বলে জানান আবুল হোসাইন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১০-১২ জনকে আসামি করে হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

কথা হলে হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জাগো নিউজকে বলেন, ‘সাংবাদিক আবুল হোসাইনকে হানিট্র্যাপে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হবে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

​অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সংগ্রহের কাজে রমনা আবাসিক এলাকার খালের পূর্বপাড়ে যান সাংবাদিক আবুল হোসাইন। সেখানে মোটরসাইকেল থেকে নামামাত্র আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা পেছন থেকে তাকে ঘিরে ধরে এবং অনৈতিক কাজে এসেছেন দাবি করে চড়-থাপ্পড় মারতে থাকে।

একপর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাকে খালের পাড়ের একটি বিলের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মানিব্যাগে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।

​মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানাতে বাধ্য করে ছিনতাইকারীরা। এসময় বিকাশের পিন নিয়ে চার দফায় মোট ৫৬ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় ছিনতাইকারীরা তার হাতে জোরপূর্বক অনৈতিক উপাদানের প্যাকেট ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে বা আইনি ব্যবস্থা নিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

​ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হবো তা কল্পনাও করিনি। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা চালানো হয়েছে। ঘটনার পর আশপাশের লোকজনের সহায়তায় ঘটনায় জড়িতদের নাম শনাক্ত করে হালিশহর থানায় অভিযোগ দিয়েছি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওনায় আনার দাবি জানান তিনি।