Image description

সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজারে রুচি আইসক্রিম ফ্যাক্টরিতে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং ও অননুমোদিত সুগন্ধি রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এ জরিমানা করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই ধরনের অপরাধে এলাকার বুবলি আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার ছালিম উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পশ্চিম বাজারের রুচি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালান। এ সময় শিশুদের জন্য তৈরি আইসক্রিমের উপকরণে কাপড়ের রং, অননুমোদিত সুগন্ধি রাসায়নিক, ঘনচিনি ও স্যাকারিনের ব্যবহার দেখতে পান তারা। এসব উপাদান মানবদেহের জন্য ক্ষতিকর বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া কারখানাটিতে অন্য প্রতিষ্ঠানের নামে লেবেল ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করাসহ খাদ্যনিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে কারখানার মালিক রুবেল মিয়াকে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন এবং সুনামগঞ্জ সদর থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান বলেন, রুচি আইসক্রিম ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ কাপড়ের রং ও ক্ষতিকর অননুমোদিত সুগন্ধি রাসায়নিক পাওয়া গেছে। এসব উপাদান বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীর্ঘমেয়াদি বা বারবার গ্রহণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, এর আগে একই ধরনের অপরাধে বুবলি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে না পেয়ে ম্যানেজার ছালিম উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানাটির দুই কারিগরকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। জরিমানার অর্থ পরিশোধ না করায় ম্যানেজারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে প্রায় ১০ দিন কারাভোগের পর তিন লাখ টাকা পরিশোধ করে মুক্তি পান তিনি।