ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছেন। পারিবারিক বিরোধের জের ধরে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাদের একটি মেয়ে রয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে পারিবারিক বিরোধের কারণে প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকছেন। এ বিরোধের জেরে তাদের মধ্যে আদালতে মামলাও চলমান।
অন্যদিকে, দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ফলে পারিবারিক বিরোধের বিষয়টি কর্মস্থলেও প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে।