জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ সচিবালয়। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিঞ্জ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ (ই-জেএসপি) উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ দেওয়া এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। প্রয়োজনে কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।