Image description

দালাল ও দুর্নীতিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় হাতেনাতে তিন দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় পাসপোর্ট সেবা গ্রহণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দালালদের দৌরাত্ম্য রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।

 

পরিদর্শনকালে পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেন সংসদ সদস্য। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না। দেশের উন্নতি ও উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি সাংবাদিকদের বলব, আপনারা মাঝেমধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই।

 

সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।