ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকায় সৌদি প্রবাসী এক যুবকের ঠাঁই হয়নি নিজের ঘরে। সৌদি আরব থেকে দেশে ফেরার ছয় দিন পরও নিজের ঘরে উঠতে পারেননি ফেনীর নজরুল ইসলাম রাব্বি। তার অভিযোগ, বাবার বাধায় বাড়িতে প্রবেশ করতে না পেরে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে অবস্থান করছেন তিনি।
প্রবাসী রাব্বি বলেন, গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর আশায় নিজের বাড়িতে ফিরলেও বাবা জামাল উদ্দিন তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেন। ফলে বাড়িতে থেকেও নিজের ঘরে উঠতে পারছেন না তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তার বোনকেও নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা। বর্তমানে কখনো বাড়ির আশপাশে, আবার কখনো অন্যের সহযোগিতায় সময় কাটছে তার।
রাব্বি বলেন, প্রবাসে থাকা অবস্থায় পরিবারের জন্য অর্থ উপার্জন করে দেশে ফিরেছেন তিনি। দীর্ঘদিন পর দেশে ফিরে নিজের বাড়িতে থাকার সুযোগ না পাওয়ায় তিনি চরম দুর্ভোগে পড়েছেন।
তবে রাব্বির অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, ও আমার ছেলে না। আমি তাকে ছেলে বলে স্বীকার করি না। প্রায় আড়াই বছর আগে তার মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। সে আমাকে প্রায় আড়াই বছর আমার বসতবাড়িতে ঢুকতে দেয়নি। এখন আমার বসতঘরে তাকে কেন ঢুকতে দেব? আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
এলাকাবাসীর কয়েকজন জানান, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের ভাষ্য, বাবা ও ছেলে কেউ কাউকে স্বীকার করছেন না। স্থানীয়দের দাবি, রাব্বির বাবা একাধিকবার বিয়ে করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ কালবেলাকে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে রাব্বির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। প্রবাসী রাব্বির দাবি, তার আয়ের টাকা দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। এখন এ ঘরে সে থাকতে চায়।
তিনি আরও বলেন, তার বাবা জামাল উদ্দিনের বক্তব্য হলো তিনি নতুন বিয়ে করেছেন। রাব্বির মায়ের সঙ্গে তিন বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। সুতরাং তার সঙ্গে এ দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ ছিল। এখন হঠাৎ করে তাকে ঘরে জায়গা দেওয়া সম্ভব না। তবে অন্যত্র জায়গা দেবেন তিনি। সেখানে রাব্বি ঘর তৈরি করে থাকতে পারে।
ওসি বলেন, প্রবাসী রাব্বি বিষয়টি নিয়ে পারিবারিক আইনে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।