Image description

রংপুরের পীরগাছায় সার ডিলার নিয়োগের জন্য উপজেলা প্রশাসনের কাছে উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার দেওয়া একটি গোপন তালিকা ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া দলীয় প্যাডের ওই তালিকায় নেতাদের স্ত্রী, সন্তান, শ্বশুর, ফুপাতো ভাই ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত নেতাদের নাম রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, ‘ডিলার নিয়োগ-২০২৬’ শিরোনামে পীরগাছা উপজেলা বিএনপির প্যাডে সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার স্বাক্ষর ও সিলমোহর সংবলিত এই তালিকায় ৯টি ইউনিয়নের মোট ১৯ জনের নাম সুপারিশ করা হয়েছে।

তালিকায় পীরগাছা সদর ইউনিয়নে তিনজনের নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নিজের স্ত্রী সুলতানা ফেরদৌসি। এছাড়া জাতীয় পার্টির উপজেলা সভাপতির ঘনিষ্ঠ কর্মী আমির হোসেনের নামও রয়েছে এই তালিকায়। তাম্বুলপুর ইউনিয়নের তালিকায় স্থান পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের স্ত্রী সুইটি বেগম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছগির আলীর ছেলে রহমত এবং জামায়াত কর্মী জাহেদুল ইসলাম।

স্বজনপ্রীতির চিত্র আরো স্পষ্ট হয় অন্যান্য ইউনিয়নে। অন্নদানগর ইউনিয়ন থেকে নাম দেওয়া হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের প্রথম পক্ষের কন্যা ও কলেজছাত্রী জয়িতা আক্তার জিনির। একই ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ফুপাতো ভাই মাহাবুর রহমানও তালিকায় স্থান পেয়েছেন। ইটাকুমারী ইউনিয়ন থেকে নাম রয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের শ্বশুর আলিমুদ্দিনের। কৈকুড়ি ইউনিয়নে নাম রয়েছে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মীর আফসার আলীর ছেলে মীর তৌফিক হাসানের। এছাড়া কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নাম তালিকায় রয়েছে। যার বড় ভাই আনিছুর রহমান ভুট্টু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তালিকায় আরো রয়েছেন ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের নেতা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা সারের ডিলারের কোনো তালিকা দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। অন্যদিকে, পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, উপজেলা বিএনপির পক্ষ থেকে সরকারিভাবে কোনো তালিকা তারা পাননি। ডিলার নিয়োগের বিষয়টি কমিটির মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে এবং এভাবে দলীয় তালিকা নেওয়ার কোনো সুযোগ নেই।