বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে আসা জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা ভর্তি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে নাটোর রেলস্টেশনে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
কিরিল জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার যান। সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে করে নাটোরে আসেন।
নাটোর থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করে দেয়ার কথা বলেন। ওই যুবকের কথায় বিশ্বাস করেন তিনি।
একপর্যায়ে যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ নিয়ে চলে যায়। পরে তাকে আর খুঁজে পাননি কিরিল।
ঘটনার পর তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, জার্মান পর্যটক কিরিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে কাজ চলছে।
শীর্ষনিউজ