নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার ভোরে সদাগরকান্দি গ্রামের জামাল মিয়া, আনোয়ার মিয়া, ফাইজ উদ্দিন, মজিবর রহমান ও ছগির মিয়ার বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে সদাগরকান্দি দক্ষিণপাড়ার ফরিদ মিয়া, মওলা মিয়া, বাচ্চু মিয়া, খোরশেদ আলম ও ইমান হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বসতবাড়িতে ভাঙচুর ও স্বর্ণালংকার লুট করে। আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের ভয়ে সবাই দৌড়ে অন্যত্র সরে যাওয়ায় কেউ আহত হয়নি।
জানা গেছে, ঘটনার পর হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি না করতে হুমকিও দিয়েছে। এ ঘটনার পর চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান আজ ভোরে এই হামলার ঘটনার কথা স্বীকার করে স্টার নিউজকে জানান, পরিস্থিতি সামাল দিতে উভয়পক্ষকে বিশৃঙ্খলা না করার জন্য বলা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কিছুদিন আগেও এই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র আটক করা হয়েছে। যেকোনো সহিংস ঘটনা এড়াতে আবারও অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট রায়পুরার চাঁনপুর ইউনিয়নের এই গ্রামেই (সদাগরকান্দি) পূর্ববিরোধের জের ধরে ফরিদ গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করেছিল।