Image description

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ২৫ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পান দোকানির বিরুদ্ধে। এ ঘটনার তিন দিন অভিযুক্তের নামে মামলা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোহরাব হোসেন নামের ওই ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী নারী।

 

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তার উড়ালসড়কের নিচে বসেছিলেন। এ সময় সোহরাব হোসেন তার সঙ্গে কথা বলেন এবং আশ্রয় ও টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে তাকে মাওনা চৌরাস্তার পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

 

ভুক্তভোগী নারী জানান, কয়েক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। নিজ বাড়িতেও আশ্রয়ের ব্যবস্থা না থাকায় তিনি শ্রীপুরের জৈনাবাজার এলাকায় দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। কয়েক মাসের ভাড়া বকেয়া থাকায় মঙ্গলবার বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দেন। এরপর সন্তানদের নিয়ে তিনি মাওনা চৌরাস্তায় আশ্রয় নেন।

 

ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিচার চেয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ওই নারী। তার অভিযোগ, বিষয়টি মীমাংসার চেষ্টা করে তাকে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তায় একটি বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পানের আড়ত এলাকায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে আনা দুজনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।