Image description

ঈদগাহ সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যের দেওয়া প্রায় সাড়ে তিন লাখ টাকার বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের মানুষ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে সিংড়া থানা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ান্দহ ইউনিয়নের পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠটিতে দুই গ্রামের মানুষই নামাজ আদায় করতেন। প্রায় ৩০ বছর আগে দ্বন্দ্বে জড়িয়ে পৃথক একটি ঈদগাহ মাঠ নির্মাণ করেন নতুনবস্তির মানুষ। এরপর থেকে দুই গ্রামের মানুষ দুটি ঈদগাহে ঈদের নামাজ আদায় করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আনু পাঁচলাড়ুয়া ঈদগাহ সংস্কারের জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেন। ওই টাকায় ঈদগাহ সংস্কারের করতে শুক্রবার সকালে সীমানা নির্ধারণের জন্য মাপজোপ শুরু করেন পাঁচলাড়ুয়ার মানুষ। 

এ সময় নতুনবস্তির মানুষ এসে বাধা দেন। ঈদগাহ এবং এমপির দেওয়া অনুদানের টাকায় নিজেদের অংশ আছে বলে দাবি করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। নতুনবস্তির লোকজন পাঁচলাড়ুয়া ঈদগাহ দখলে নেওয়ার চেষ্টা করলে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষ শুরু করেন। এলোপাতাড়ি মারপিটে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

এর মধ্যে মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন ৭ জন। আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুই পক্ষের ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সিংড়া থানায় কোনও পক্ষই মামলা করেন নি।

স্থানীয় ইউপি সদস্য বলেন, এই দুই গ্রামের মানুষের মধ্যে তিন দশক ধরে দ্বন্দ্ব চলছিল। দুই গ্রামের মানুষের দানের টাকায় পাঁচলাড়ুয়া ঈদগাহ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু নতুনবস্তির মানুষদের অবহেলা অবজ্ঞা করার অভিযোগ ছিল পাঁচলাড়ুয়ার বাসিন্দাদের বিরুদ্ধে। এ কারণে ওই ঈদগাহ ছেড়ে নতুন একটি ঈদগাহ নির্মাণ করেন নতুনবস্তিবাসী। তবে পুরনো সেই আক্ষেপ ছিল নতুনবস্তির লোকজনের মধ্যে। তারই জেরে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পাঁচলাড়ুয়া ঈদগাহে এমপি দেওয়া বরাদ্দের টাকা নিয়েই দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও থানায় কোনও পক্ষই অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।