Image description
 
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন।

 

আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান জাতিসংঘে বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকতে হবে। তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এটি সারা বিশ্বের দাবি বলেও উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ অনেক বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন।

তিনি বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না এবং কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়।

নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যত ঝড় আসুক, বাতাস আসুক, কেউ ভয় পাবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে।

তিনি বলেন, বিএনপি কোনো মিডনাইট নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপির সরকার মানুষের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও বিএনপি রাস্তায় রাস্তায় কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এতে ওলামা দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।