Image description

ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল কালাম মিনার (৪৩), মো. ফাহিম (১৯), মো. রাসেল (২১), আব্দুর রহমান (১৯), শরিফুল ইসলাম আশিক (২০) ও নিজাম উদ্দিন মাহমুদ (২৬)।

 

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ছয়জনই আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা যুবলীগের সহসভাপতি জিয়াউল আলম মিস্টারের ভাই এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনারের পূর্ব উকিলপাড়ার বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে মিলিত হন। পুলিশ দাবি করেছে, ওই বৈঠকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে ডিবি পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে ফেনীতে মিছিল বের করার লক্ষ্যে তারা প্রস্তুতিমূলক বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।