Image description
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরোনো প্রেম আবার জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তাই বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইবে, এমনটি হওয়ার কথা নয়।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের নতুন হাটখোলা মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
 
সকালে ঝিনাইদহ সফরে এসে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, জামায়াত যে অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে, সরকার তাতে কোনো বাধা দিচ্ছে না।
 
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে তা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষেই হয়েছে বলে তিনি মনে করেন। সাধারণ মানুষ মনে করে না, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
 
জামায়াতের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্যদিকে জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে প্রটেকশন দিয়ে চাঁদাবাজির সুযোগ করে দেয়ার অভিযোগ রয়েছে।
 
তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো ধরনের অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেয়া হচ্ছে না। সম্প্রতি ঝিনাইদহের একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
 
রাশেদ খাঁনের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দিল্লি থেকে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন, জামায়াতে ইসলামীর আমীরও একই ভাষায় কথা বলছেন। এমনকি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্যের মধ্যেও এখন কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুটি দলের অপতৎপরতা সামাল দিয়েই সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাই জামায়াতে ইসলামীকে দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
 
এ সময় জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।