দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়াল ২১১ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু নিয়ে সারা দেশে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৪৪, রংপুর বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন।
এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১০, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।