রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন। তিনি ভোলার চরফ্যাশান থানার ওসমানগঞ্জ এলাকার শহিদের ছেলে।
রাজু আহমেদ বলেন, ‘ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
এর আগে, শুক্রবার রাতেও যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতেও আরও এক রিকশা চালক আহত হয়েছিলেন। ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।