Image description

১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় না এলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

 

অলি আহমেদ বলেন, ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় না আসলে এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করতে কেউ পারবে না। দুর্নীতি বন্ধ করতে পারবে না এবং অনৈতিক কাজ যেগুলো হচ্ছে, এগুলোও বন্ধ করতে পারবে না।

 

তিনি বলেন, বর্তমান সরকারকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রখর রোদের মধ্যে সকাল থেকে পথসভায় মানুষের উপস্থিতি সরকারের প্রতি তাদের অনাস্থার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

 

অলি আহমেদ বলেন, আপনাদের উপস্থিতিই প্রমাণ করে বর্তমান দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার এবং দখলবাজ সরকারকে আপনারা চান না। যদি না চান, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মানুষকে আরও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হবে। দেশের নিরাপত্তা ও তিস্তা সমস্যার সমাধান করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।

 

সমাজকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে এলডিপির এই নেতা বলেন, সমাজকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করতে হবে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসুল বলেছেন।