Image description

চট্টগ্রামের সন্দ্বীপে বাড়ির সামনে থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের পাশে ওই নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম নাসির উদ্দীন বাবুল। তিনি সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই।

এসব তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর বাবুলকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, হামলাকারী আগে থেকেই ঘটনাস্থলে ওৎ পেতে ছিল। বাবুলের ভাই আব্দুল করিম সম্প্রতি স্থানীয় একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। তবে ওই ঘটনার সঙ্গে বাবুলের ওপর হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ওসি সুজন হালদার জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।