Image description
দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে একটি মহল কীভাবে টাকা ভাগাভাগি করে পকেটে নেবে, তা নিয়েই ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহগঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
শিশির মনির বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস হয়েছে। তাদের পাঁচ বছর দায়িত্ব পালন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে, এটা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তুলতে হবে।
 
তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ নেই। এসব সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে ভাবতে হবে। জনগণকে সংকটের কথা জানাতে হবে এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস-বিদ্যুৎ আনতে হবে, উৎপাদন বাড়াতে হবে এবং বিজ্ঞানীদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে হবে। কিন্তু এসব না করে টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ করছেন তিনি।
 
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শিশির মনির বলেন, স্থানীয় সংসদ সদস্যদের অপারগতার সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় কিছু দুর্নীতিবাজ তৈরি হয়েছে। তারা ঈদ উপহারের টাকা নিয়েও অনিয়ম করেছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতেও অনিয়ম হয়েছে বলে দাবি করেন।
 
তিনি আরও বলেন, দিরাই-শাল্লার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা প্রয়োজন। কিন্তু যারা দুই হাজার টাকার লোভও সামলাতে পারেন না, তাদের দিয়ে এলাকার উন্নয়ন কীভাবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
 
মতবিনিময় সভায় শাল্লা উপজেলা জামায়াতের আমীর হাফিজ নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাস্টার আবুল খায়ের, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।