Image description

চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন উর রশিদ। তার চলাফেরা সন্দেহজনক। এজন্য তার ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়। এ খবর পেয়ে তিনি ‘লাপাত্তা’। এসব তথ্য জানালেন ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু টেস্টের জন্য খোঁজ করা হলে তাকে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে তার বাসায় গিয়েও তার দেখা মেলেনি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারেননি থানা ও ফাঁড়ির ইনচার্জ। তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে এসআই মামুন মাদক গ্রহণ করেছেন কি না, তা প্রমাণিত হয়নি। তিনি কেন ফাঁড়ি বা বাসায় নেই, সেটিও এখনো স্পষ্ট নয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, ‘হঠাৎ এসআই মামুনের খোঁজ মিলছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’