সাবেক প্রেমিকার বিয়ের দিন চারটি সাউন্ড বক্স ভাড়া করে দিনভর গান-বাজনা ও নাচ-উল্লাস করেছেন জামালপুরের এক কলেজছাত্র। শুক্রবার দিনভর চলা সেই আয়োজনের ভিডিও শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় নানা আলোচনা।
ভাইরাল হওয়া এক মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চারটি সাউন্ড বক্সের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচছেন মমিন মিয়া। স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থীর সঙ্গে তরুণীর একসময় প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বাড়ি থেকে বেরিয়ে বিয়েও করেছিলেন। তবে পাঁচ-ছয় মাসের মধ্যে সেই সংসার ভেঙে যায়।
স্থানীয়দের ভাষ্য, বিচ্ছেদের পর ওই তরুণীর পরিবার তার অন্যত্র বিয়ের আয়োজন করে। শুক্রবার ছিল সেই বিয়ে। কনের বাড়িতে যখন বিয়ের আয়োজন চলছিল, তখন মমিনের বাড়ির দিক থেকেও শোনা যাচ্ছিল জোরে গান-বাজনার শব্দ। সেখানে চারটি সাউন্ড বক্স ভাড়া করে দিনভর গান বাজানো হয়।
মমিন জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার ফজলুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলজীবন থেকেই মমিন ও ওই তরুণীর পরিচয় ছিল। পড়াশোনার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করেন। পরে পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে তাদের বিচ্ছেদ হয়।
স্থানীয় বাসিন্দা রাসেল রানা বলেন, ‘শুক্রবার সকাল থেকেই বক্স বাজানোর শব্দ শুনেছি। পরে জানতে পারি, মমিনের বাড়ির দিক থেকেও চারটি বক্স আনা হয়েছে। সেদিন মেয়েটিরও বিয়ে ছিল। একই দিনে দুই বাড়িতে বক্স বাজানোর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হয়েছে।’
সাবেক প্রেমিকার বিয়ের দিন এমন আয়োজনের কারণ জানতে চাইলে মমিন বলেন, ‘পুরোনো কিছু স্মৃতি মনে পড়েছিল। সেসব স্মৃতি থেকে নিজেকে দূরে রাখার জন্যই গান-বাজনার আয়োজন করে আনন্দ করেছি। অনেকটা নিজের মন ভালো রাখার জন্যই এভাবে সময় কাটিয়েছি। বিষয়টি নিয়ে অন্যভাবে ভাবার কিছু নেই।’