Image description

বিএনপি ‘কাইন্ড অব আওয়ামী লীগ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপিকে যেসব রাজনৈতিক বক্তব্য দিতে শোনা গেছে, বর্তমানে তারা তার ঠিক উল্টো কথা বলছে। ১৭ বছর আওয়ামী লীগ যা বলেছে, এখন বিএনপিও একই কথা বলছে।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ এসে এসব মন্তব্য করেন তিনি।

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সংবিধানের দোহাই দিয়ে বিগত ১৭ বছর বিএনপির ওপর সবচেয়ে বেশি অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে বিএনপিও একইভাবে সংবিধান ও আইনি দোহাই দিয়ে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। অথচ বিএনপির নেতাদের গুমের সময় আওয়ামী লীগও জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়েছিল।

 

এনসিপির মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সংবিধান সংশোধন ও পুরো শাসনব্যবস্থা ধ্বংস করে একধরনের শাসন কায়েম করেছিলেন, বর্তমানে বিএনপির বক্তব্যেও একই সুর দেখা যাচ্ছে। সংসদে লিখিত প্রস্তাব ও প্রকাশ্য বক্তব্যের মধ্যে বিপরীতমুখী কথা বলে অসত্যের আশ্রয় নেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করা হলেও নিজেদের ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশগুলো অক্ষুণ্ন রাখা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।