বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে এটা শুধুই গুজব।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলকক্ষে এই সভার আয়োজন করা হয়।
বিমানমন্ত্রী বলেন, পৃথিবীতে এটাই প্রথম নজির–একটা সরকারের মন্ত্রী পরিষদসহ সবাই একসঙ্গে পালিয়েছে। তারা আবার ফিরে আসবে, এটা কোনো দিনও সম্ভব নয়।
তিনি বলেন, আপনারা নিশ্চয় এখন ভেবে দেখেছেন আওয়ামী লীগ সরকার যদি আরও তিন বছর থাকত, তাহলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকত না। বাংলাদেশে হতো সিকিমের মতো অবস্থা।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপস না করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা দেশকে ভালো করতে চাইলে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন হয়। আমরা সেই নেতৃত্বটা পেয়েছি। এখন সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই।
এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।