‘আমার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বিএনপি করি বলে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। দিনশেষে কোথায় থাকব এটা নিয়ে খুব কষ্টে ছিলাম।’ কথাগুলো বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপিকর্মী শেখ কামাল।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাশকরা (সোনাপুর) এলাকার এই বাসিন্দাকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেন শেখ কামাল। তার অভিযোগ স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীদের নেতৃত্বে তার বসতঘরে আগুন দেওয়া হয়েছিল।
তিনি বলেন, বিএনপি করার কারণে জামায়াত-শিবিরের লোকজন আমাদের ঘরবাড়িতে আগুন দিয়েছে। দিনশেষে আমরা কোথায় থাকব। আমরা বিএনপি করি বলে কি আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
শেখ কামাল বলেন, রাজনৈতিক মতের কারণে যেন কোনো মানুষের ঘরবাড়িতে আগুন দিতে না হয়। যারা আমাদের সর্বস্ব পুড়িয়ে দিয়েছে, তাদের আইনের মাধ্যমে বিচার চাই।
তিনি বলেন, আমাদের গ্রামের মুরুব্বিরা মিলে বিএনপির কামরুল হুদা ভাইকে বিষয়টি জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললে আমাদের জন্য ঘরবাড়ি করে দেওয়া হয়েছে। এতে আমরা খুবই খুশি।
তারেক রহমানের দেওয়া নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেখ কামাল বলেন, আজকে তারেক রহমান আমাদের ঘর উপহার দিয়েছেন। আমরা খুবই খুশি। আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।
শেখ কামালের অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন বলেন, নারীঘটিত ও মাদকসংক্রান্ত ঘটনায় সেখানে দুই গ্রামের মানুষ সে ঘরটিতে আগুন দেয়। এতে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।