মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হোন।
আজ রবিবার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টিসহ নানা উসকানি দিচ্ছে।
এ সময় পঞ্চগড় পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্যসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।