সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে যেমন অপশক্তি রয়েছে, বিদেশেও তেমন অপশক্তি রয়েছে। ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর যে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ওই ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে। বাঁধনের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা সভা ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম ছাড়া কোনো সরকার সামনে এগাতে পারে না। আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আগে গণমাধ্যমগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকার সেই দরজাগুলো খুলে দিতে চায়।’
মন্ত্রী বলেন, একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করছে সরকার।
এসময় সংরক্ষিত-৫ আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।