দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ হিসাব গতকলা শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৯২২ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময় মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।