Image description

দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে এখনো প্রায় পৌনে চার কোটি মানুষ সাক্ষরতার বাইরে রয়েছেন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ২২ লাখ ৮০ হাজার। এর মধ্যে সাত বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর ২২ দশমিক ৯১ শতাংশ এখনো নিরক্ষর।নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোও দেশে নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় পৌনে চার কোটি বলে জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ (লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপেরিটি)।সরকারি হিসাবে সাক্ষরতার অর্থ শুধু পড়তে বা নিজের নাম লিখতে পারা নয়। মাতৃভাষায় কোনো লেখা পড়া ও তার অর্থ বুঝতে পারা, মৌখিক ও লিখিতভাবে নিজের বক্তব্য প্রকাশ করা, অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনীয় হিসাব-নিকাশ করতে পারার সক্ষমতাও সাক্ষরতার অন্তর্ভুক্ত।

সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিপুলসংখ্যক নিরক্ষর মানুষ এই লক্ষ্য অর্জনের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

শিক্ষাবিদদের মতে, নিরক্ষর মানুষের সঠিক ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এর মাধ্যমে নিরক্ষর জনগোষ্ঠীকে ধাপে ধাপে সাক্ষরতার আওতায় আনা সম্ভব।

নিরক্ষরতা দূর করতে সরকারের উদ্যোগ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “সাক্ষরতার হার বৃদ্ধিতে বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো উল্লেখযোগ্য জনগোষ্ঠী কাঙ্ক্ষিত শিক্ষা ও দক্ষতার সুযোগের বাইরে রয়েছে। তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। ”

উপানুষ্ঠানিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (পরিকল্পনা, মনিটরিং ও মূল্যায়ন) ড. ফারুক আহাম্মদ। তিনি জানান, এ বিষয়ে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ২০৩১ সাল নাগাদ দেশের সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শীর্ষনিউজ