Image description

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যার দায়ে ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

আজ রবিবার হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।

 

২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই সময় বাকি ৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

 

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজারের খাদেম রহমত আলীকে (৬০) গলা কেটে হত্যা করা হয়। তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চৈতার বাজারে ওষুধের দোকান করতেন। রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চৈতার মোড়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

 

রহমত আলী সুরেশ্বরী পীরের অনুসারী ও মাজারের খাদেম ছিলেন। তার বাড়িতে একটি দরবার ছিল।

 

এ ঘটনায় তার ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় একটি মামলা করেন।

 

মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এদের মধ্যে বাইক হাসান ও সাদ্দাম হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।