Image description

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন এক গৃহবধূ। এ সময় বাইরে থেকে ছোড়া একটি গুলি এসে তার শরীরে লাগে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে মাতবরবাড়ি মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ গৃহবধূর নাম জেসমিন বেগম (৩৮)। তার ডান হাতে গুলি লেগেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

 

জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে পরিবারটি দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকে।

 

জেসমিনের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, তারা দারুস সালামের মাদবরবাড়ি মসজিদের পাশে একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। তার বাবা আব্দুল মান্নান পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মা ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ জানালা দিয়ে গুলি ছোড়া হয়। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি করে দ্রুত সেখান থেকে চলে যায়। এতে তার মা আহত হন।

 

তবে কী কারণে বা কাদের উদ্দেশ্যে ছোড়া গুলি তার মায়ের শরীরে এসে লাগে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ইয়াসিন। কেন তার মাকে গুলি করা হয়েছে, সেটিও তাদের জানা নেই।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক নারী হাসপাতালে এসেছেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

হঠাৎ করে বসতঘরের ভেতরে গুলি এসে পড়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গুলি ছোড়ার পেছনে কারা ছিল বা কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।