Image description

হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উপজেলার মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। সংঘর্ষ চলাকালে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত ৯টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খেলা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় বানিয়াগাঁও গ্রামের আবদাল মিয়ার ছেলে মুরাদের সঙ্গে পাশের পশ্চিম জয়পুর গ্রামের হাজী খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য কয়েকজন গণ্যমান্য ব্যক্তি চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ এতে সম্মত হয়নি। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুষলধারে বৃষ্টির মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় মিরপুর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ব্যবহৃত ইটের টুকরো বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকসহ ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের ৫ জন করে মোট ১০ জনকে থানায় ডাকা হয়েছে।