চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামাজে যাওয়ার পথে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৬২) একই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকাল থেকে অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে নিহতের চাচাতো ভাইয়ের একটি বিয়েসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যার পর মান্নান স্থানীয় বাজারে গেলে তার চাচাতো ভাইকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় অভিযুক্ত মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে ও অভিযুক্ত মোজাম্মেলের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে সমাধান হলেও ক্ষোভ রয়ে যায়।
এরই ধারাবাহিকতায়, রাত ৮টার দিকে এশার নামাজে যাওয়ার পথে অভিযুক্ত মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে মোজাম্মেল কুপিয়েছে বলে জানান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।