Image description

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। এ সময় হাজিরা খাতায় অনুপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর পাওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় বেশিরভাগ কর্মকর্তাকে অনুপস্থিত পান তিনি। পরে সব কর্মকর্তার হাজিরা খাতা চেক করেন। তবে হাজিরা খাতায় অনুপস্থিত বেশ কয়েকজনের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।

এছাড়া, গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ সময় ভূমি অফিসে লোকবল সংকটসহ বেশকিছু অভিযোগ দেওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। এসব সমাধানেরও আশ্বাস দেন তিনি।