পারিবারিক বিরোধের মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে আবাসিক হোটেলে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদ সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক একটি বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তারা সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর দ্বারস্থ হন। তিনি সামাজিকভাবে বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, বিরোধের বিচার-মীমাংসা করে দেওয়ার কথা বলে সিকান্দার আলী ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে যেতে বলেন। সেখানে যাওয়ার পর তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পরবর্তীতে ভুক্তভোগী নারী বিষয়টি স্থানীয় লোকজনকে অবহিত করেন। ঘটনাটি জানাজানি হলে খুরুশকুলের স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিকান্দার আলী বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক ও সামাজিকভাবে তার মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।