‘ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগল।’
রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম পরিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ রবিবার সকালে খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে গিয়ে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী পদ্ধতি দেখেন তিনি।
সকাল সাড়ে ৯টার দিকে প্যারাগন ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরু পালন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
প্যারাগন ডেইরির কর্মকর্তারা জানান, গাভির দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমেরিকান জেনেটিক্সের মাধ্যমে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও এসব কৃষিপণ্য নতুন বাজারের সুযোগ তৈরি করছে। প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এ সময় খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা, পশুখাদ্য, দুধ উৎপাদন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এরপর বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। স্থানীয়ভাবে প্রচলিত এই ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে আগ্রহ প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।