Image description

কুমিল্লায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী ছেলে ইমাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। পরে ভরণপোষণ ও আশ্রয়ের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেছেন ৭২ বছর বয়সী আছিয়া বেগম।

ঘটনাটি চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের। আছিয়া বেগমের স্বামী আবদুল করিম আমিন প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর সন্তানদের ওপর নির্ভর করেই চলছিল তার জীবন। তার বড় ছেলে জাকির হোসেনও মারা গেছেন। ছোট ছেলে ইমাম হোসেন দীর্ঘদিন ধরে দুবাইয়ে ব্যবসা করছেন।

আছিয়া বেগমের অভিযোগ, ইমাম হোসেন পুরোনো বসতঘর ভেঙে নতুন পাকা ভবন নির্মাণ করলেও মায়ের নিয়মিত ভরণপোষণের ব্যবস্থা করেননি। স্থানীয়দের উদ্যোগে সালিশে প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে চার মাস টাকা দেওয়ার পর তা বন্ধ করে দেন ইমাম হোসেন।

অভিযোগে বলা হয়, গত ১ জুলাই ছেলে দেশে থাকার খবর পেয়ে আছিয়া বেগম বাড়িতে যান। রাত ৮টার দিকে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ঘরে তালা লাগিয়ে দেন ছেলে। খবর পেয়ে মেয়ে আমেনা বেগম তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর থেকে সেখানেই থাকছেন তিনি।

আমেনা বেগম বললেন, ‘আমার এক ছেলে মারা গেছে, আরেক ছেলে প্রতিবন্ধী। রাজমিস্ত্রি স্বামীর সামান্য আয়ে সংসার চলে। ভাই মাকে বের করে দেওয়ার পর দীর্ঘদিন ধরে মা আমার বাড়িতে আছেন। মায়ের ভরণপোষণের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চাই।’

স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান বলেছেন, ‘একাধিক সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। মা-ছেলের এ বিরোধের স্থায়ী সমাধান জরুরি।’

অভিযোগের বিষয়ে ইমাম হোসেন অস্বীকার বা বিস্তারিত মন্তব্য না করে বলেন, ‘এগুলো পুরোনো খবর। এ বিষয়ে কোনো বক্তব্য নেই।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেছেন, ‘ছেলে যদি মাকে ঘরে জায়গা না দেয়, তাহলে স্থানীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।’